সংবাদ বিজ্ঞপ্তি | মঙ্গলবার, ২৬ মে ২০২৬ | প্রিন্ট | 32 বার পঠিত | পড়ুন মিনিটে
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে তাঁর নির্বাচনী এলাকা কক্সবাজার সদর, রামু ও ঈদগাঁও উপজেলার সর্বস্তরের জনসাধারণসহ পুরো জেলাবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও ‘ঈদ মোবারক’ জানিয়েছেন কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল। এক শুভেচ্ছা বার্তায় তিনি ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে একটি সুশৃঙ্খল ও সমৃদ্ধ সমাজ গড়ার আহ্বান জানান।
এমপি কাজল তাঁর বার্তায় বলেন, পবিত্র ঈদুল আযহা আমাদের ত্যাগ, আত্মশুদ্ধি এবং মহান আল্লাহর প্রতি নিঃশর্ত আনুগত্যের এক মহিমান্বিত শিক্ষা দেয়। এই উৎসব মানুষের মাঝে সৌহার্দ্য, সামাজিক সম্প্রীতি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে। কোরবানির প্রকৃত উদ্দেশ্য কেবল পশু জবেহ নয়, বরং মনের পঙ্কিলতা ও সংকীর্ণতা পরিহার করে সত্য ও ন্যায়ের পথে চলা। তিনি সমাজের বিত্তবান মানুষদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ঈদের এই আনন্দের দিনে আমাদের চারপাশে থাকা অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো আমাদের মানবিক ও ধর্মীয় দায়িত্ব।
ভবিষ্যৎ পরিকল্পনা ও উন্নয়ন প্রসঙ্গে সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল বলেন, আমি কক্সবাজার সদর, রামু ও ঈদগাঁও উপজেলার প্রতিটি মানুষকে আমার পরিবারের সদস্য মনে করি। আপনাদের দোয়া ও ভালোবাসাকে সাথে নিয়ে আমরা এই পর্যটন নগরীকে একটি আধুনিক মডেল শহর এবং পুরো জেলাকে একটি সমৃদ্ধ জনপদ হিসেবে গড়ে তুলতে চাই। বৈষম্যহীন ও ন্যায়বিচার ভিত্তিক এক নতুন কক্সবাজার বিনির্মাণই হবে আমাদের আগামীর পথচলার মূল লক্ষ্য।
বিবৃতির শেষ পর্যায়ে তিনি দেশ ও জাতির সার্বিক কল্যাণ, সুস্বাস্থ্য এবং উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন। তিনি মহান আল্লাহর দরবারে দেশের উন্নয়ন, রাজনৈতিক স্থিতিশীলতা এবং আপামর জনগণের সুখ-শান্তির জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করেন। ত্যাগের এই উৎসব যেন প্রতিটি ঘরে অনাবিল আনন্দ ও শান্তির বার্তা বয়ে আনে- বিবৃতিতে তিনি সেই প্রত্যাশা ব্যক্ত করেন।