নিজস্ব প্রতিবেদক: রামু | সোমবার, ২২ জুন ২০২৬ | প্রিন্ট | 11 বার পঠিত | পড়ুন মিনিটে
কক্সবাজারের উখিয়ায় যৌথবাহিনীর চেকপোস্টে সিএনজি তল্লাশি করে একই পরিবারের চার ভাই-বোনকে ৫৯৫ পিস ইয়াবাসহ আটক করা হয়েছে।
রোববার (২১ জুন) বিকেল আনুমানিক সাড়ে ৪টার দিকে উখিয়া যৌথবাহিনীর চেকপোস্টে একটি সিএনজিতে তল্লাশি চালানো হয়। এ সময় সন্দেহের ভিত্তিতে তল্লাশি করে ইয়াবা উদ্ধার করা হলে গাড়িতে থাকা চারজনকে আটক করা হয়।
আটকরা হলেন— বান্দরবানের আলীকদম উপজেলার পালংপাড়া এলাকার মো. মফিজুল ইসলামের সন্তান মো. ইলিয়াস (২৪), তাসলিমা আক্তার (২৩), তাহমিনা আক্তার (২০) ও সাকিলা আক্তার লাখি (১৯)। তারা সবাই সহোদর ভাই-বোন বলে জানা গেছে।
প্রাথমিকভাবে জানা যায়, আটক চারজন একই পরিবারের সদস্য হয়ে একসঙ্গে সিএনজিযোগে যাচ্ছিলেন। যৌথবাহিনীর সদস্যরা তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে তল্লাশি চালান। পরে ইয়াবা উদ্ধারের পর তাদের আটক করা হয়।
উদ্ধারকৃত ইয়াবাসহ আটক ব্যক্তিদের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।