নিজস্ব প্রতিবেদকঃ | মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬ | প্রিন্ট | 14 বার পঠিত | পড়ুন মিনিটে
সংগঠন সূত্রে জানা যায়, গত ২০ জুন ২০২৬ তারিখে সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী গঠিত নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে নতুন কার্যনির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। পরবর্তীতে ২৫ জুন ২০২৬ তারিখে ঢাকা জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক ও নিবন্ধীকরণ কর্তৃপক্ষ আবু সাঈদ মো. কাওছার রহমান নবনির্বাচিত কমিটিকে আনুষ্ঠানিকভাবে অনুমোদন প্রদান করেন। কমিটির কার্যকাল ২০ জুন ২০২৬ থেকে ১৯ জুন ২০২৮ পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।
নতুন কার্যনির্বাহী পরিষদে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন কামারুন নাহার, সাধারণ সম্পাদক সায়মুন নাহার জিদনী, অর্থ সম্পাদক আবুল বাশার হাওলাদার, সাংগঠনিক সম্পাদক মুহাম্মাদ আব্দুল্লাহ আল যুবায়ের, দপ্তর সম্পাদক তুহিন ভূঁইয়া, প্রচার সম্পাদক মোক্তার হোসেন এবং দুর্ঘটনা ও গবেষণা সম্পাদক মো. আবদুল মতিন চৌধুরী রিপন।
নবনির্বাচিত নেতৃবৃন্দ এক যৌথ বিবৃতিতে সমাজসেবা অধিদপ্তর, নির্বাচন কমিশন এবং সংগঠনের সাধারণ পরিষদের সদস্যদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, দেশের সড়ক, রেল ও নৌপথে যাত্রীদের ন্যায্য অধিকার নিশ্চিত করা, নিরাপদ, সুশৃঙ্খল ও বৈষম্যহীন গণপরিবহন ব্যবস্থা গড়ে তোলা এবং দুর্ঘটনা প্রতিরোধে গবেষণাভিত্তিক উদ্যোগ গ্রহণে নতুন কমিটি অগ্রণী ভূমিকা পালন করবে।
বিবৃতিতে আরও বলা হয়, যাত্রী হয়রানি প্রতিরোধ, গণপরিবহনে সেবার মান উন্নয়ন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় বৃদ্ধি এবং জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ধারাবাহিক কর্মসূচি গ্রহণ করা হবে। পাশাপাশি যাত্রীবান্ধব পরিবহন ব্যবস্থা প্রতিষ্ঠায় সরকারি ও বেসরকারি সকল অংশীজনের সঙ্গে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।