শফিক আজাদ, উখিয়া | রবিবার, ১২ জুলাই ২০২৬ | প্রিন্ট | 24 বার পঠিত | পড়ুন মিনিটে
কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের বন্যাকবলিত অসহায় ও ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।রোববার (১২ জুলাই) সকালে জালিয়াপালং ইউনিয়নের ডেইলপাড়া আশ্রয়কেন্দ্রে ৩১১ জন বন্যার্তের মধ্যে ত্রাণ বিতরণ করেন উখিয়া-টেকনাফ আসনের সংসদ সদস্য আলহাজ শাহজাহান চৌধুরী। বিতরণ করা ত্রাণসামগ্রীর মধ্যে ছিল চাল ও শুকনো খাবার। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন এবং দুর্যোগ-পরবর্তী সময়ে তাদের পাশে থাকার আশ্বাস দেন।
ত্রাণ বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা পান্না আক্তার, উখিয়া উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান সরওয়ার জাহান চৌধুরী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এটিএম কাওছার আহমেদ, জালিয়াপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম সৈয়দ আলমসহ স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতা ও সামাজিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
ত্রাণ পেয়ে উপকৃত পরিবারগুলোর সদস্যরা কৃতজ্ঞতা প্রকাশ করেন। স্থানীয়রা আশা প্রকাশ করেন, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসন ও প্রয়োজনীয় সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।
উল্লেখ্য যে, গত কয়েকদিনের টানা বর্ষনে উখিয়া-টেকনাফে বিভিন্ন স্থানে জলবদ্ধতা, পাহাড় ধ্বসসহ নানান ক্ষয়ক্ষতি হয়েছে৷ ক্ষতিগ্রস্থ লোকজনের মাঝে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা তাদের নিজস্ব উদ্যোগে ত্রাণ সহয়তা অব্যাহত রেখেছে।